
সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। আর এদিনই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠক করবেন তিনি।
আগে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তারপরই জানা যায় ফেব্রুয়ারির শুরুতে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভা ভোটের আবহে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলা। বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মুখে শোনা যাচ্ছে পরিবর্তনের হুঙ্কার।এরই মধ্যে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহেই বাংলার বিধানসভায় রয়েছে বাজেট অধিবেশন। তার আগে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগে স্থির হয়েছিল ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে। ২ ফেব্রুয়ারি বাজেট হবে। সেটা পিছিয়ে গিয়েছে বলে আগে খবর মিলেছে।অন্যদিকে, এসআইআর এর কাজে যে পশ্চিমবঙ্গের শাসকদল কোনওভাবেই খুশি নয়, তা আগে একাধিকবার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি ৫টি চিঠি লিখেছেন তিনি।
সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠকের পর কোনো জট খোলে কিনা সেটাই দেখার।








