মুম্বইতে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রীরা

0
66
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আবার মুম্বইতে ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে পড়ে তিন জন যাত্রী আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার কারণেই দুর্ঘটনা বলে মানছে রেলও।

খবর, মুম্বইয়ের সিওন এবং মাতুঙ্গার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। সকাল ১০টা নাগাদ দক্ষিণমুখী এক লোকাল ট্রেন থেকে ভিড়ের কারণে যাত্রীরা পড়ে যান। সিওন স্টেশন থেকে ছেড়ে ৫০০ মিটার যেতে না-যেতেই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, ভিড়ের চাপে তিন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। আহতেরা নারাসোপাড়ার বাসিন্দা শচীন শর্মা, গোভান্ডির বাসিন্দা আফজল চৌধরি এবং কুর্লারের বাসিন্দা জেনুয়াল সইদ। দাদারের জিআরপির এক আধিকারিক অনিল মানে বলেছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ভিড়ের কারণে যাত্রীরা ভারসাম্য রক্ষা করতে না-পেরে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। হাসপাতাল সূত্রে খবর, জেনুয়ালের আঘাত গুরুতর। তাঁর পেটে আঘাত লেগেছে।

ভেঙেছে কনুইয়ের হাড়ও। আফজলের মাথা ফেটেছে। আঘাত লেগেছে ডান হাতেও। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। আর এক যাত্রী শচীনেরও মাথা এবং পায়ে আঘাত লেগেছে। রেলের এক কর্তা জানিয়েছেন, যাত্রীদের অবস্থার উন্নতি হলে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। তার পরেই স্পষ্ট হবে, চলন্ত ট্রেন থেকে যাত্রীদের পড়ে যাওয়াটা দুর্ঘটনা, না কি নেপথ্যে রয়েছে অন্য কারণ।