
ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আল্টিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হাভানা যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে, তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা।
চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশে বলা হয়েছে, কোনও দেশ যদি কিউবায় তেল রফতানি করে,তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই আদেশে স্বাক্ষরের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্টের এই নির্দেশের সরাসরি প্রভাব পড়বে কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ ব্যবস্থাসহ কিউবার জনগণের মৌলিক পরিষেবাগুলোতে। এর জেরে অচিরেই দেশটিতে বড় আকারে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে ওয়াশিংটনে হোয়াইট হাউসে মেক্সিকোর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বেশ, কিউবা যদি কাছে আসে এবং একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে মনে হয় না যে কোনও মানবিক বিপর্যয় দেখা দেবে। কারণ সেক্ষেত্রে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে।
