
লক্ষ্য ঠিক করে দিয়ে গিয়েছেন অমিত শাহ, নিতিন নবীনরা। এবার সেই লক্ষ্যেই দলীয় বিধায়কদের নিয়ে বিধানসভায় নিজের ঘরে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী।
সেই বৈঠকে হাজির ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বিপ্লব দেব। তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন বিপ্লব দেব। বৈঠক প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন টিকিট নিয়ে আলোচনাই হয়নি। বিধায়কদের মধ্যে কেউ টিকিট পাবেন, কেউ পাবেন না। নতুন কেউ কেউ টিকিট পেতে পারেন। সেক্ষেত্রে সব বিধায়কদের দায়িত্ব হবে তাদের সাহায্য করা। পার্টির পরিকল্পনা মাফিক কাজ করা।
বৈঠক শেষে প্রত্যয়ী বিপ্লব দেব বলেছেন তাঁর কুণ্ডলীতে হার লেখা নেই। চূড়ান্ত ভোটার লিস্ট বের হবার পর আর তেমন সময় পাবে না রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বিধানসভাতেই বিধায়কদের নিয়ে আগামী লড়াইয়ের স্ট্র্যাটেজি ফাইনাল করেছেন শুভেন্দু অধিকারী, বিপ্লব দেবরা।
