
দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার কথা রাজ্যসভায় তুলে ধরলেন সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রেল আন্ডারপাস নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি স্পিকারের নজরে আনেন। শ্রিংলার দাবি, একটি আন্ডারপাস না থাকায় ওই অঞ্চলের প্রায় ৬০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
শ্রিংলা আরও বলেন, এটি কেবল একটি পরিকাঠামোগত দাবি নয়, এটি সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত। তাঁর আবেদন যাতে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় সাধন করে এই রাস্তায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করা হয়।







