
অতিরিক্ত সময়ে জমজমাট নাটক, শেষ পর্যন্ত আর্লিং হলান্ডের পেনাল্টি গোলে অ্যানফিল্ডে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান আবার ৬ পয়েন্টে নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল।ম্যাচের শেষ ছয় মিনিটে যখন হারের দ্বারপ্রান্তে ছিল সিটি, তখন বের্নার্দো সিলভার গোলে সমতায় ফেরে তারা। সেখান থেকেই শুরু হয় ম্যাচের অবিশ্বাস্য নাটকীয় শেষ অধ্যায়।অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হলান্ড।এরপরই আরেকটি ফাউল ও পাল্টা ফাউলের ঘটনায় আবারও বল জড়ায় লিভারপুলের জালে। তবে ভিএআর পর্যালোচনায় সেই গোল বাতিল হয়। একই ঘটনায় লিভারপুলের ডমিনিক সোবসলাই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।এই হার আগামী সিজনে চ্যাম্পিয়নস লিগে খেলার লিভারপুলের স্বপ্নে বড় ধাক্কা হয়ে এলো। বর্তমান চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে তারা পিছিয়ে ৪ পয়েন্টে।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি।৭৪ মিনিটে ফ্রি-কিক থেকে ডমিনিক সোবসলাইয়ের গোলে এগিয়ে যায় লিভারপুল। পোস্টের ভেতরের অংশে লেগে জালে ঢোকে বল। কিন্তু শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক।
তারই এক ভুলের সুযোগ নিয়ে ৮৪ মিনিটে সিটিকে সমতায় ফেরান বের্নার্দো সিলভা।হলান্ডের হেড থেকে পাওয়া বলে সোবসলাইকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ভলিতে গোলটি করেন তিনি।এরপর আলিসন বক্সের ভেতরে মাতেউস নুনেসকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন হলান্ড।এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।







