
ছবি মুক্তি থেকে বক্স অফিসে সাফল্য,এই নিয়েই নানা স্পেকুলেশন চলতে থাকে, কখনো ছবি হিট তো কখনো মিস। ছবি তৈরির নির্দিষ্ট ফর্মুলা খুঁজতে হিমশিম ফিল্ম বোদ্ধারা।
তবে একটা বিষয় প্রায় সব সময়ে বক্স অফিসে ভালো ফল করে, সেটা হলো দেশাত্মবোধ। দেশ ভাগ ও তার পরবর্তী ফল। সম্প্রতি সানি দেওলের বর্ডার টু বক্স অফিসে লক্ষ্মী লাভ করছে,এবার সানির পরবর্তী একটি নতুন ছবি মুক্তি পাবে সামনেই। আমির খানের প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে যে তাদের আসন্ন পিরিয়ড ড্রামা লাহোর ১৯৪৭, আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহেই এই ছবি মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও সেই দেশভাগের ফলাফলের গল্পকে ছবির বিষয় হিসেবে দেখানো হবে। এই ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন অভিনেতা সানি দেওল, পরিচালক রাজকুমার সন্তোষী এবং প্রযোজকের ভুমিকায় আমির খান।আমির খানের বক্তব্য অনুযায়ী এই ছবির চিত্রনাট্য ধর্মেন্দ্রর খুব পছন্দ ছিল,আর তিনি ছবিটি দেখে যেতে পেরেছেন বলে আমির আনন্দিত। স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পাচ্ছে, তাই স্বাভাবিকভাবে একটি বড় ইভেন্ট হিসাবে তুলে ধরতে চাইবে প্রযোজনা সংস্থা। এই ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে শবানা আজমি, প্রীতি জিনতা ও করণ দেওলকে।ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এ আর রহমান ও গীতিকার জাভেদ আখতার। সাম্প্রতিক ব্লকবাস্টার সাফল্যের পর লাহোর ১৯৪৭ সানি দেওলের বড় প্রজেক্ট।
আপাতত ছবির মুক্তির তারিখই একমাত্র তথ্য যা সামনে আসছে। অবশ্যই প্রথমবার আমির খান, সানি দেওল ও রাজকুমার সন্তোষীর জোট দর্শকদের পছন্দ হবে বলেই আশা করা হচ্ছে।
