
কেরলের পর তেলেঙ্গানার স্থানীয় নির্বাচনেও জয়জয়কার কংগ্রেসের। প্রাথমিক ফলাফলে তেমনই ইঙ্গিত।
কংগ্রেসের দাপটে কার্যত ধুয়েমুছে সাফ বিজেপি,ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে কিছুটা প্রতিরোধ গড়েছে ভারত রাষ্ট্র সমিতি। দু দিন আগে ১১ ফেব্রুয়ারি তেলেঙ্গানার ১১৬টি পুরসভা এবং ৭টি পুরনিগমে নির্বাচন হয়। শুক্রবার সকালে শুরু ভোটগ্রহণ। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস শাসিত রাজ্যটিতে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। ভোট হয়েছিল ব্যালটে। ফলে ভোটগণনা সময়সাপেক্ষ। তবে এ পর্যন্ত যা ফলাফল পাওয়া গিয়েছে তাতে রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি।যা ফলাফল প্রকাশিত হয়েছে তাতে ১১৬টি পুরসভার ২ হাজার ৫৮২টি ওয়ার্ডের মধ্যে ঘোষিত ফলাফলে কংগ্রেস এগিয়ে ৫০৬ ওয়ার্ডে। গত লোকসভা নির্বাচনে রাজ্যের রাজনীতি থেকে কার্যত উবে যাওয়া ভারত রাষ্ট্র সমিতি এবার কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে।
এ পর্যন্ত ফলাফলে বিআরএস এগিয়ে ২৮২ আসনে। বিজেপি এখনও ৩ সংখ্যায় পৌঁছতে পারেনি। এ পর্যন্ত তাদের ঝুলিতে গিয়েছে ৭৫টি আসন। উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও তেলেঙ্গানায় ১৭টির মধ্যে আট আসনে জিতেছিল বিজেপি। সে হিসাবে দেখতে গেলে এবার কার্যত সাফ হওয়ার মুখে বিজেপি। ৭ পুরনিগমের ৭টিতেই এগিয়ে কংগ্রেস।








