
দেড় মাসেরও বেশি সময় ধরে চলার পর কার্যত শেষ হয়েছে এসআইআর-র শুনানি। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর-র নথি আপলোড এবং ত্রুটিনির কাজ।
এরপর ২৮ ফেব্রুয়ারি বেরবে চূড়ান্ত ভোটার লিস্ট। এরাজ্যে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি পর্ব। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় ১ কোটি ৩৬ লাখ ভোটারের শুনানি পর্ব চলেছে। শুনানি পর্বে হয়রানি, ভোগান্তির বিস্তর অভিযোগ ওঠে। শুনানি পর্বে একধিক বিডিও অফিস, শুনানি কেন্দ্রে তাণ্ডব চলেছে। ফরাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালি যেখানে কোথাও বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছে, কোথাও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই অভিযোগে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যে ভোটার তালিকায় এসআইআর-র শুনানির কাজ শেষ। আপাতত ৬ লাখ ২৫ হাজার নাম বাদ পড়তে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। যাদের বেশিরভাগ শুনানিতেই হাজিরা দেননি।
পাশাপাশি শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে। এর আগে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল ৫৮ লাখ নাম।








