
এআই সামিটে জামা খুলে বিক্ষোভের জেরে কংগ্রেস কর্মীকে পাকড়াও করতে গিয়ে বেনজির সংঘাতের সাক্ষী রইল হিমাচল প্রদেশ। বুধবার রাতভর সেই সংঘাতের পর হিমাচল প্রদেশ থেকে ধৃত তিন যুব কংগ্রেস কর্মীকে নিয়ে দেশের রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৫ টা ৫৫ মিনিটে সিমলা জেলার রোহরু থেকে তিন অভিযুক্তকে ধরে নিয়ে গিয়েছে তারা। দিল্লির আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে ঢুকে খালি গায়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
সম্মেলনে খালি গায়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে বুধবার হিমাচল প্রদেশ থেকে আরও তিন জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তা নিয়ে অশান্তি বাধে কংগ্রেস-শাসিত হিমাচলের পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রাণাধীন দিল্লি পুলিশের মধ্যে।
