
বিমানযাত্রীদের স্বস্তি দিতে টিকিট বাতিল ও ফেরত সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত মানা হলে টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীরা বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন।
ডিজিসিএ জানিয়েছে, যাত্রী যদি বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট বুক করার পর ২৪ ঘণ্টার মধ্যে নাম বা তথ্য সংক্রান্ত কোনও ভুল চিহ্নিত করেন, তাহলে একই যাত্রীর নামে সেই সংশোধনের জন্য বিমান সংস্থাগুলি কোনও বাড়তি ফি নিতে পারবে না।
এছাড়া ট্রাভেল এজেন্ট বা অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে টিকিট ফেরতের সম্পূর্ণ দায় থাকবে বিমান সংস্থার উপর। কারণ, ওই এজেন্টরা বিমান সংস্থার অনুমোদিত প্রতিনিধি হিসেবেই কাজ করে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সব ক্ষেত্রেই টিকিট ফেরতের প্রক্রিয়া সর্বোচ্চ ১৪টি কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে।
