
সংগীত শিল্পী ইমন চক্রবর্তী,সোশাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের শিকার। চটি চাটা বলে তোপ দাগতে গিয়ে কমেন্টে তাঁর মৃত মাকেও টেনে আনা হয়েছে বলে অভিযোগ।
ফেসবুক লাইভে তা নিয়েই সরব হয়েছেন ইমন। জানিয়েছেন, সোশাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।অভিযোগ,সোশাল মিডিয়ায় তারকারা চলে আসেন আমজনতার হাতের নাগালে। সেই সুবিধাটারই অপপ্রয়োগ করেন বহু মানুষ। অযথাই ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন। ঠিক তেমনটাই হয়েছে ইমনের সঙ্গে। মায়ের মৃত্যুদিনে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাতে অনেকে কমেন্ট করেন। সেখানেই একজন লেখেন, মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন। এই কমেন্টেই কার্যত ভেঙে পড়েছেন ইমন। এই বিষয়েই ফেসবুক লাইভ করেছেন গায়িকা। গোটা বিষয়টা সকলের সামনে তুলে ধরে বলেছেন, সব রকমের গান গেয়েছেন। পাঁচালিও। তাতে তাঁর কোনও সমস্যা নেই, তাঁর পরিবারের কারও সমস্যা নেই। তাহলে অন্যদের কীসের সমস্যা?
এরপরই ইমন জানিয়েছেন, লাগাতার আক্রমণাত্বক কমেন্টে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছেন সোশাল মিডিয়া ছাড়বেন তিনি। আর কোনও ব্যক্তিগত পোস্ট তিনি করবেন না। আগে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট ছোটো মুহূর্ত শেয়ার করে নিতেন তিনি। কিন্তু তা আর করবেন না ইমন। তবে কাজ সংক্রান্ত পোস্ট যা করতেন তা চলবে বলেই জানিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।
