
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর,ডিআরসির নর্থ কিভু প্রদেশের রুবায়া অঞ্চলে একটি কলটান খনিতে ভূমিধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে।
ভারি বৃষ্টিপাতের পরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন শিশু রয়েছে। আহতদের নর্থ কিভুর রাজধানী গোমা শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য রুবায়া খনি বিশ্বে উৎপাদিত কলটানের প্রায় ১৫ শতাংশ সরবরাহ করে। কলটান থেকে প্রাপ্ত ট্যানটালাম ধাতু মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তির যন্ত্রাংশ এবং গ্যাস টারবাইনসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি পণ্যের উৎপাদনে ব্যবহৃত হয়। তবে খনিটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী মার্চ ২৩ মুভমেন্ট,এম২৩ সরকারের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ,ঘটনাটি ভূমিধস নয়, বরং বোমা হামলার কারণে ঘটেছে এবং এতে মাত্র পাঁচজন নিহত হয়েছে।
এদিকে,রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী জোট এএফসি ,কঙ্গো রিভার অ্যালায়েন্স-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সাল থেকে তারা খনিটির নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে খনন কার্যক্রম চালাতে নিরুৎসাহিত করা হয়েছে।সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিপাতই এই দুর্ঘটনার প্রধান কারণ।এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকেও একই স্থানে ভারি বৃষ্টির পর খনি ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।
