
শনিবার সাতসকালে পাইকপাড়ায় পরপর বিস্ফোরণ-র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় একটি ক্লাবে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবের টিনের চাল উড়ে চলে যায় পাশের ছ’তলা বাড়ির ছাদে।
ক্লাবঘরে আগুনও লেগে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দমকল। আগুন নেবানোর চেষ্টা চলছে। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্লাবঘরটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। ভিতরে বোমা পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
তাঁরা দাবি করছেন, এলাকার কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর কারও কারও নজর ছিল। এলাকার মানুষ চাইছেন কারা এই কাণ্ড ঘটালেন, কেন ঘটালেন, পুলিশ তা খুঁজে বার করুক এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করুক।







