
সাঁতরাগাছি-খড়্গপুর চতুর্থ লাইন প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সাঁতরাগাছি থেকে খড়্গপুরের মধ্যে ১১১ কিলোমিটার অংশে চতুর্থ লাইন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।
আপাতত কলকাতা থেকে খড়্গপুরের দিকে ইতিমধ্যে তিনটি লাইন আছে। এবার চতুর্থ লাইন তৈরি করা হচ্ছে। তার ফলে কলকাতা থেকে মুম্বই এবং চেন্নাই পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে দাবি করেছেন রেলমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, নয়া প্রকল্পের ফলে হাওড়া-খড়্গপুর লাইনের লোকাল ট্রেন পরিষেবাও আরও ভালো হবে।
যদিও আদৌও সেটা হবে কিনা, তা নিয়ে ধন্দে আছেন নিত্যযাত্রীরা। কারণ এই মুহূর্তে হাওড়া-খড়্গপুর লাইনে লোকাল ট্রেন পরিষেবা ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছে বলে অভিযোগ করেছেন নিত্যযাত্রীরা।






