
অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ক্ষোভপ্রকাশের পরেই শিলিগুড়ির সিপি সি সুধাকর এবং জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
জানা গিয়েছে ৭ মার্চ রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির সিপি এবং দার্জিলিংয়ের জেলাশাসক। কিন্তু রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রোটোকল মানা হয়নি বলে অভিযোগ। সেই কারণে এই ২ আমলাকেই কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এই দুই অফিসারকে ডেপুটেশনে পাঠানো হবে না বলে নবান্ন-র সূত্রে খবর। ঠিক যেমনটা ২০২০-র দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে তৎকালীন জেলার এসপি ভোলানাথ পাণ্ডে, ডিআইজি প্রবাণ ত্রিপাঠি এবং আইজি রাজীব মিশ্রকে ডেপুটেশনে পাঠাতে বলে কেন্দ্র। কিন্তু তবে সেবার কেন্দ্রীয় ডেপুটেশনে কাউকেই ছাড়েনি রাজ্য। ঠিক পরের বছর ২০২১-এ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে যোগ দিয়েও বৈঠক শেষের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনার পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশনে দিল্লিতে বদলি করে কেন্দ্র। শোকজও করা হয়। কিন্তু দিল্লিতে বদলির পর অবসর নিয়ে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধে আটকে দেওয়া হয়। সেই মামলা এখন আদালতে বিচারাধীন।
