
আবার কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে পুলিশ এবং সেনার যৌথবাহিনী। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, রবিবার উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলার উরি সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ওই জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। সেনাবাহিনী জানিয়েছে, কেউ বা কারা পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এই সংক্রান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে উরি সেক্টরের বুখরা এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়।
রাতে তল্লাশি অভিযানের সময় ঘন জঙ্গল এলাকায় এক জঙ্গির সন্দেহজনক গতিবিধি নজরে আসে নিরাপত্তাবাহিনীর। সেনা সূত্রে জানানো হয়েছে, ওই জঙ্গি বার বার নিজের অবস্থান বদল করায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে কোণঠাসা করা সম্ভব হয়।
