
মোটরবাইকের ধোঁয়ায় মৃত্যু হয়েছে একই পরিবারের চার জনের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়ায়। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।পুলিশ সূত্রে খবর, মুরলী নামে এক যুবকের বাইকে সমস্যা হচ্ছিল।
তিনি বাইক নিয়ে মেকানিকের কাছে যান শনিবার। পরীক্ষা করে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ বদলে দেন মেকানিক। দাবি, এর পরই মুরলীকে ওই মেকানিক পরামর্শ দেন, সারারাত গাড়ির ইঞ্জিন যেন বন্ধ না করেন। তা হলে সমস্যা হতে পারে। রাতে বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে বাইকের ইঞ্জিন চালু করে রাখেন। ঠান্ডা থাকায় ঘরের জানলা-দরজা বন্ধও করে রেখেছিলেন।মুরলী এবং তাঁর স্ত্রী দোতলায় শুতে চলে যান। মুরলীর বাবা তাঁর তিন নাতি-নাতনিকে নিয়ে নীচের তলায় শুয়ে ছিলেন। সেই ঘরেরও জানলা-দরজা বন্ধ ছিল।
ওই ঘরের মধ্যেই বাইকটি রাখা ছিল। রবিবার সকালে নীচের তলার ঘরের কারও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় মুরলীর। দরজা খুলতেই দেখেন তাঁর তিন সন্তান এবং বাবা অচৈতন্য হয়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সকলকে মৃত বলে ঘোষণা করেন।
