
গুজরাটের জরি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু ২ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সুরাটের ভারাচহা এলাকায়। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৯ জন। তারা এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ভারাচহার ভারত নগর গোশালা এলাকার ওই জরি কারখানায় আগুন লাগে।
কিছুক্ষণের মধ্যে সেখানে মজুত থাকা একাধিক গ্যাসের সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। যার ফলে প্রবল আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যাচ্ছে , সেই সময় তারা ছাদে কর্মরত ছিল। পুলিশ সূত্রে খবর, ওই কারখানায় ৮ টি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। কী কারণে অত সিলিন্ডার কারখানায় মজুত ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
