
মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। লোনাভলায় সূর্যোদয় দেখে গাড়িতে মুম্বই ফিরছিলেন তাঁরা। গাড়ি চালাচ্ছিলেন এক ছাত্র।
তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মারা যান জয়পুরের বাসিন্দা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র শ্রেয়াংশ শর্মা, নাসিকের বাসিন্দা ও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওমকুমার বোরসে এবং নাগপুরের বাসিন্দা ও ফিজিক্সের তৃতীয় বর্ষের পড়ুয়া লয়া দেশভরতার।
গাড়ি চালাচ্ছিলেন ওমকুমার। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ মেলেনি। কারণ, যে সংস্থা রাস্তা রক্ষণাবেক্ষণের করে, তারা জানিয়েছে, ক্যামেরা খারাপ ছিল। কী ভাবে দুর্ঘটনা ঘটল, পড়ুয়ারা সিট বেল্ট পরেছিলেন কি না, গাড়ির এয়ারব্যাগ কাজ করছিল কি না, তা অনুসন্ধান করে দেখবে পরিবহণ দফতর।






