
তরুণীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ির গুরুং বস্তি এলাকা। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাঠে নামতে হয়েছে পুলিশকে।
জানা গিয়েছে, এক যুবক ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। যদিও শুরুতে ওই যুবক তরুণীর প্রাইভেট টিউটর ছিলেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় তা জানাজানিও হয়। সোমবার সকালে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। প্রেমিকের বাড়িতে চড়াও হয় তরুণীর প্রতিবেশী, পরিচিতরা।
চলে ব্যাপক ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ। যদিও এই যুবকের পরিবার বা পরিবারের সদস্যরা কেউ এলাকায় নেই বলে খবর।








