
নতুন করে বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য রাজধানীতে। উড়িয়ে দেওয়া হতে পারে বিধানসভা থেকে মেট্রো স্টেশন। মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার স্পিকারের ইমেল আইডিতে পাঠানো হয় হুমকি বার্তা।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের ইমেল আইডিতে পর পর হুমকি মেল আসতে থাকে। প্রথম মেলটি আসে সকাল ৭টা ২৮ মিনিটে।
পরের মেলটি এসেছে ৭টা ৪৯ মিনিটে। ইমেল-র বয়ান অনুযায়ী এক খালিস্তানি জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাবে। ১.১১ মিনিটে দিল্লি বিধানসভা ও ৯.১১ মিনিটে দিল্লি মেট্রো স্টেশন উড়িয়ে দেবে। তবে কোথা থেকে এসেছে এই ইমেল , তা আইপি অ্যাড্রেস মিলিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জারি হাই অ্যালার্ট। সম্ভাব্য সমস্ত এলাকায় চলছে তল্লাশি, নাকা চেকিং।
