
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই খবর জানিয়েছে। ভূমিকম্প আঘাত হানার পরে রাজধানীতে সাইরেন বাজানো হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে এবং এর কেন্দ্রস্থল ছিল নেইয়াফু শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টোঙ্গা ব্রডকাস্টিং কমিশনের ফুটেজে দেখা গেছে, রাজধানী নুকু’আলোফার একটি ছাদের ওপর লোকজন জড়ো হয়েছে এবং সতর্কতামূলক সাইরেন বাজছে। টোঙ্গা জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যালয় উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে এবং জনগণকে উঁচু স্থানে বা দেশের অভ্যন্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
কিন্তু প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পটির কেন্দ্রস্থল পৃথিবীর অনেক গভীরে। উল্লেখ্য,টোঙ্গা বিশ্বের অন্যতম ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল ,প্যাসিফিক রিং অফ ফায়ার-এর ওপর অবস্থিত এবং এখানে ঘন ঘন ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
