
ভোটের আগে খাস কলকাতায় গুলি! বাঘাযতীনে বন্ধুর ফ্যাটে গিয়ে খুন হয়েছেন রাহুল দে নামে এক যুবক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের রাহুল দে বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন।
মৃতের পরিবারের দাবি, রাহুলকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাহুলের। গুলিতে জখম হয়েছেন জিৎও।স্থানীয়দের দাবি, মধ্যরাতে বাঘাযতীন পূর্ব ফুলবাগান এলাকায় একটি চার তলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান তাঁরা। তার পরেই খবর দেওয়া হয় পাটুলি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও।
এই খুনের নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
