রামনবমীতে রাম অবতারে এলেন না রণবীর 

0
37
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

তিথি-নক্ষত্র মেনে রামনবমীর দিনই রণবীর কাপুরের মেগাবাজেট সিনেমার শুভসূচনা হওয়ার কথা ছিল। চলতিবছর, দু’দিন রামনবমী পড়েছিল। এর মাঝেই কোনও এক মাহেন্দ্রক্ষণে সিনেমার চরিত্রদের লুক এবং ঝলক উন্মোচনের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা।

কিন্তু মার্চের গোড়াতেই শোনা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ-কাঁটায় রামায়ণ-এর ঝলক মুক্তি পিছতে পারে। যদিও রঘুনন্দন বেশে রণবীর কাপুরকে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন দর্শক, তবে আশা জাগিয়েও রামনবমীতে প্রকাশ্যে আসে নি নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ-এর ঝলক।সাতসকালে সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন,এই গল্প আমাদের সকলের। এবং এই গল্পকে জীবন্ত করে তোলার জন্য আমরা গভীর দায়িত্ববোধ, ভক্তি এবং যত্ন-সহকারে লালন করেছি। তাই রাম-এর পরবর্তী ঝলক উন্মোচনের জন্য আমরা হনুমান জয়ন্তীকে বেছে নিচ্ছি।সেই শুভ তিথিতেই বিশ্বের অগণিত ভক্তদের সঙ্গে রামায়ণ-এর উদযাপনে মেতে উঠব আমরা। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মেগাবাজেট টিজার মুক্তির দিন? বলিউড সূত্রে খবর, রামায়ণ-এর পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ এখনও বাকি।

এবং অতীতে প্রভাসের আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ তিওয়ারি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই পৌরাণিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোনওরকম খামতি রাখতে চান না তিনি। সেই প্রেক্ষিতেই হয়তো শেষমুহূর্তের কাজে শাণ দিচ্ছেন নির্মাতারা।