
পশ্চিম এশিয়ার যু্দ্ধ পরিস্থিতিতে ভারতে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেও বাংলাদেশের পর এবার আরেক প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত।
তার মধ্যে পেট্রোল পাঠানো হয়েছে ১৮ হাজার মেট্রিক টন। ডিজেল পাঠানো হয়েছে ২০ হাজার মেট্রিক টন। দিন কয়েক আগেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিস্সানায়াকে। জ্বালানি সঙ্কট নিয়ে দু’দেশের নেতার মধ্যে কথা হয়।
শ্রীলঙ্কার অভ্যন্তরে যে জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন প্রেসিডেন্ট। এরপরই শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি পাঠিয়েছে ভারত। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ভারতের দ্রুত সাহায্যের জন্য কৃতজ্ঞ। বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাসা ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।
