
কারিগরি ত্রুটি’র কারণে দীর্ঘ বিপর্যয়ের মুখে পড়ে সাত ঘণ্টা অচল ছিল চীনের জনপ্রিয় এআই চ্যাটবট ডিপসিক, যা ছিল সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটির এতো দীর্ঘ সময়ের বিভ্রাট।টানা সাত ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সেবাটি পুনরায় সচল হলেও এ দীর্ঘ বিরতির কারণ এখনও স্পষ্ট নয়।
সোমবার এ বিভ্রাটের কবলে পড়ে এআই চীনা স্টার্টআপটি। ২০২৫ সালের শুরুতে কোম্পানিটির আলোচিত আর ওয়ান এবং ভি থ্রি মডেলগুলো বাজারে আসার পর থেকে এটিই ছিল ডিপসিকের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ঘটনা।ডিপসিকের স্ট্যাটাস ওয়েবসাইট অনুসারে, সোমবার ভোর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত টানা ৭ ঘণ্টা ১৩ মিনিট এ বিভ্রাট চলে। এরপর সমস্যাটি সমাধান হয়েছে বলে নিশ্চিত করা হয়।কোম্পানির নিয়ম অনুসারে, এ বিভ্রাটের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
সাধারণত সার্ভারের ত্রুটি থেকে শুরু করে এআই চ্যাটবটের নতুন কোনো আপডেটের কারিগরি সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে।ডিপসিকের তথ্য বলছে, এর আগে ২০২৫ সালের জানুয়ারির শেষদিকে যখন অ্যাপটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তখন এর এপিআই সার্ভিস টানা কয়েকদিন বন্ধ ছিল।









