ছাত্র এবং কর্মচারী সংগঠন নিষিদ্ধ নেপালে

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নেপালের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে আর থাকবে না রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। সরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলিতেও কোনও রাজনৈতিক শ্রমিক সংগঠন থাকবে না।

আগামী দিনে এই পরিকল্পনাই বাস্তবায়িত করতে চাইছে সে দেশের নতুন সরকার। আগামীর সেই পরিকল্পনায় ইতিমধ্যে অনুমোদন দিয়েছে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের মন্ত্রিসভা। যদিও এই পরিকল্পনাগুলি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে নেপালের অন্দরেই। প্রধানমন্ত্রী বলেন্দ্রের নেতৃত্বে প্রথম বৈঠকে বসেছিল সে দেশের নবগঠিত মন্ত্রিসভা। নতুন সরকারের আগামীর রূপরেখা কেমন হবে, তা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। সরকারের মোট ১০০ দফা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে দু’টি সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি দফতরকে রাজনৈতিক সংগঠনমুক্ত করার কথা ভাবছে তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে কি বকলমে ছাত্র রাজনীতি বা শ্রমিক সংগঠনকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই প্রশ্নও উঁকি মারতে শুরু করেছে। জানা গেছে,মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে ১০০ দফা পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দলীয় রাজনীতি থেকে মুক্ত করা। নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলি থেকে সব দলীয় ছাত্র সংগঠন তুলে দেওয়া হবে।

এর বদলে পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, দলীয় ছাত্র সংগঠনগুলির বদলে ক্যাম্পাসে থাকবে,স্টুডেন্ট কাউন্সিল বা, ভয়েস অফ স্টুডেন্ট্‌স নামে নতুন ব্যবস্থা।