
রোদে বাইরে থেকে ফিরেই অনেকেরই ত্বকে জ্বালাভাব, লালচে হয়ে যাওয়া আর অতিরিক্ত গরম লাগার সমস্যা দেখা দেয়। এই অবস্থায় অনেকেই ঠাণ্ডা অনুভূতি পেতে এক বাটি জলেতে বরফ মিশিয়ে তাতে মুখ ডুবিয়ে রাখেন।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিনেত্রীদেরও মাঝে মাঝে এমন আইস ফেশিয়াল করতে দেখা যায়। তবে বরফ ব্যবহারে কিছু উপকার থাকলেও, এটি সব ধরনের ত্বকের জন্য সমানভাবে উপযোগী নয়।সাধারণতঃ,বরফ ব্যবহার করলে সাময়িকভাবে চোখ ও মুখের ফোলা ভাব কমে, ক্লান্তির ছাপ হালকা হয় এবং ত্বকের রন্ধ্র কিছু সময়ের জন্য সংকুচিত হয়।রোদে পোড়া ত্বকের লালভাব ও জ্বালাভাবও কিছুটা কমাতে পারে। ফলে মুখ কিছুটা সতেজ ও উজ্জ্বল দেখায়।তবে সবার ক্ষেত্রে এই পদ্ধতি নিরাপদ নয়।যাদের ত্বক খুব সংবেদনশীল, বা যাদের রোজাসিয়া বা এমনিতেই লালচে ত্বকের সমস্যা রয়েছে, তাদের জন্য সরাসরি বরফ লাগানো ক্ষতিকর হতে পারে। এ ছাড়া অতিরিক্ত শুষ্ক ত্বক বা বরফে অ্যালার্জি থাকলেও এই পদ্ধতি এড়িয়ে চলাই ভালো।বরফ ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। সরাসরি ত্বকে বরফ না লাগিয়ে সেটিকে পরিষ্কার কাপড়ে মুড়ে ব্যবহার করা উচিত, অথবা জলের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে।সেইসঙ্গে দীর্ঘ সময় ধরে ত্বকে বরফ লাগিয়ে রাখা উচিত নয়। ব্যবহার শেষে মুখ ভালোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগানো দরকার।
চিকিৎসকদের মতে, আইস ফেশিয়াল সাময়িক স্বস্তি দিলেও এটি কোনো স্থায়ী ত্বক সমস্যার সমাধান নয়। তাই নিয়মিত অভ্যাস হিসেবে এটি ব্যবহার না করাই ভালো।









