
স্ত্রী ও ছেলের সামনেই কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে আসানসোলে। প্রতিবাদে থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। অভিযোগ শুক্রবার রাতে অনুষ্ঠানবাড়ি থেকে আবাসনে ফিরছিলেন কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ আবাসনের সামনেই কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে।
স্ত্রী এবং ছেলের সামনেই মাটিতে ফেলে দেবদীপকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে মৃত্যু হয়। নব অনন্যা আবাসনের বাসিন্দা দেবদীপ চট্টোপাধ্যায়। ওই আবাসনেই থাকেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডীও। কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারেও নিয়মিত বেরতেন দেবদীপ। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডীর অভিযোগ নিমন্ত্রণ বাড়ি থেকে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি ঘোরানো নিয়ে একদল যুবকের সঙ্গে বচসা বাধে। এরপরেই এই ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্তরা সবাই তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের ঘনিষ্ঠ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আসানসোল থানার সামনে দেহ রেখে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের নেতা কর্মীরা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা শিবদাসন দাশু বলেছেন কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়, যে তাদের কর্মীকে মেরে ফেলতে হবে।
