প্রতারণা : সম্পর্কে ইতি টানলেন গ্র্যামিজয়ী মেগান

0
37
ছবি সৌজন্যে : এক্স

বিখ্যাত গ্র্যামিজয়ী র‍্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং এনবিএ তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত সম্পর্কের অবসান ঘটেছে। ডালাস মেভেরিকস তারকা থম্পসনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মেগান নিজেই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে ৩১ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, বিশ্বাস ও সততার প্রশ্নে কোনো আপস না করার সিদ্ধান্ত থেকেই তিনি এই সম্পর্কটি শেষ করেছেন।বিচ্ছেদের ঘোষণার আগে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি থম্পসনের নাম সরাসরি উল্লেখ না করলেও ক্ষোভ উগরে দিয়ে লেখেন, বাস্কেটবল সিজনজুড়ে তার মেজাজ পরিবর্তন ও বাজে ব্যবহার সহ্য করেও তিনি পাশে ছিলেন, অথচ এখন থম্পসন একগামী সম্পর্কে থাকা নিয়ে সংশয় প্রকাশ করছেন।পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো এবং বিয়ের স্বপ্ন দেখানোর পর এমন প্রতারণা মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন মেগান। এই তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে নিজের জন্য কিছুটা বিরতি প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।উল্লেখ্য,মেগান ও ৩৬ বছর বয়সী ক্লে থম্পসনের সম্পর্কটি গত বছর থেকেই বিনোদন ও ক্রীড়াজগতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। গত বছরের জুলাইয়ে একটি চ্যারিটি গালায় তারা প্রথমবার একসঙ্গে জনসমক্ষে আসেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে মেগানের জন্মদিনে থম্পসন তাকে একটি দামি বেন্টলি গাড়ি উপহার দিয়ে প্রেমের গভীরতা প্রকাশ করেছিলেন।

এমনকি জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারেও মেগান জানিয়েছিলেন, থম্পসনের সঙ্গে তিনি জীবনের সবচেয়ে আরামদায়ক সময় পার করছেন। তবে কয়েক মাসের ব্যবধানে সেই সুসম্পর্কে তিক্ততা দেখা দেওয়ায় ফ্যান ফলোয়ারদের মাঝে হতাশার ছায়া নেমে এসেছে। মেগানের এই অভিযোগের বিষয়ে ক্লে থম্পসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।