
তরমুজ নয়, বিষের কারণে মৃত্যু হয়েছিল মুম্বইয়ের দোকারিয়া পরিবারের চার জনের! ফরেন্সিক রিপোর্টে দাবি করা হয়েছে দেহে মরফিন মিলেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দোকারিয়া পরিবারের যে চার সদস্যের মৃত্যু হয়েছে, তাঁদের দেহে মরফিনের উপস্থিতি মিলেছে।
কিন্তু এই মরফিন কোথা থেকে দোকারিয়া পরিবারের চার সদস্যের দেহে প্রবেশ করেছে, তা ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মৃতদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ সবুজ হয়ে গিয়েছিল। আর তা থেকেই অনুমান করা হচ্ছে, শরীরে বিষাক্ত কোনও রাসায়নিক প্রবেশ করেছে। তবে ফরেন্সিক পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে, এই কারণ ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনও ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছিল কি না, সে দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।








