গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home International শিগগিরই নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান

    শিগগিরই নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তেহরান খুব শীঘ্রই এমন একটি অত্যাধুনিক মারণাস্ত্র লঞ্চ করতে যাচ্ছে যা নিয়ে শত্রুপক্ষ চরম আতঙ্কে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই রহস্যময় অস্ত্রটি বর্তমানে শত্রুদের একদম হাতের নাগালেই অবস্থান করছে এবং এটি দেখার পর তাদের হার্ট অ্যাটাক হওয়ার দশা হতে পারে।

    কমান্ডার ইরানি বিদ্রূপের সুরে আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক আগ্রাসন চালিয়ে যারা ভেবেছিল খুব দ্রুত জয়লাভ করবে, তাদের সেই ধারণা এখন বিশ্বের বিভিন্ন সামরিক একাডেমিতে স্রেফ কৌতুক বা হাসির খোরাক হিসেবে গণ্য হচ্ছে। এদিকে,সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নৌবাহিনীর প্রধান দাবি করেছেন, ইরানের পাল্টা হামলায় মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল। ইরানি নৌবাহিনী ওই রণতরী লক্ষ্য করে অন্তত সাতবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই জাহাজ থেকে কোনো যুদ্ধবিমান উড়ান বা আকাশপথে অভিযান পরিচালনা করা আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

    অ্যাডমিরাল ইরানি বলেছেন, আমেরিকা ব্যাপক সংখ্যক ডেস্ট্রয়ার এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেও শেষ পর্যন্ত ইরানি প্রতিরোধের মুখে স্থবির হয়ে পড়েছে। সংঘাতের অংশ হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জাহাজের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন এই নৌ-কমান্ডার। তিনি জানিয়ে দিয়েছেন, আরব সাগরের দিক থেকে ইরান এই জলপথটি অবরুদ্ধ করে রেখেছে এবং বর্তমানে কোনো জাহাজকে এই এলাকা পার হতে হলে সরাসরি ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে।