দিল্লির বহুতলে আগুনে মৃত ৯, ঝলসে গেলেন পরিবারের ৫ জন

0
47
ছবি সৌজন্যে : এক্স
দিল্লির বিবেক বিহারে বহুতলে ৯ জনের পুড়ে মৃত্যু হয়েছে। তার মধ্যে একই পরিবারের ৫ জনের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। যার মধ্যে এক বছরের এক শিশুও রয়েছে। রবিবার ভোর ৪টে নাগাদ আগুন লাগে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে আগুন লাগে দোতলায়। তারপর মুহূর্তে তিনতলা, চারতলায় ছড়িয়ে পড়ে। ভোরের দিকে আগুন লাগার ঘটনা ঘটনায় বাসিন্দারা সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে একসঙ্গে এতজনের মৃত্যু হয়েছে। অনেকে ঘরের মধ্যেই আটকে পড়েন। কেউ কেউ দৌড়ে ছাদে ওঠার চেষ্টা করলেও তালা বন্ধ থাকায় আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হয়। ততক্ষণে চারতলা পর্যন্ত পৌঁছে গিয়েছে আগুন। যাওয়ার কোনও রাস্তা না পেয়ে আগুনেই পুড়ে মরতে হয়েছে। দমকলের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর পুড়ে যাওয়া বহুতলের শিউরে যাওয়া ভিডিও সামনে এসেছে। যেসব দেহ উদ্ধার হয়েছে সেগুলো কার্যত চেনা দায়। দমকল কর্মীরা অন্তত ২০ জনকে উদ্ধার করে। বহুতলে মই লাগিয়ে ব্যালকনি থেকে তাঁদের উদ্ধার করা হয়। বহুতলে ৮টি ফ্ল্যাট রয়েছে। চারতলায় বহুতলের পিছনের অংশে যে দুটি ফ্ল্যাট রয়েছে, তাঁরা কেউ বার হতে পারেননি। তবে সামনের দিকে বাসিন্দাদের নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হলেও ধ্বংসস্তূপের ভিতরে আর কোনও দেহ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।