
ভবানীপুর নন্দীগ্রাম জোড়া কেন্দ্রে জয়ী জায়েন্ট কিলার শুভেন্দু অধিকারীকে ঘিরে আবারও এক ফ্রেমে বিজেপির তিন রাজ্য সভাপতি।
বেশকিছুদিন পর আবারও দিলীপ ঘোষকে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য-র সঙ্গে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিতে। কেন্দ্রের তরফে রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল আর রাজ্য বিজেপির চার নেতা রাজ্য জয়ের পরের দিনই বিশাল পদ্মফুলের মালায় ঘিরেছেন নিজেদের। এর আগে সোমবার রাত প্রায় ১২টায় হলদিয়ায় নন্দীগ্রাম কেন্দ্রে নিজের জয়ের সার্টিফিকেট সংগ্রহের পর মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী দিন শুরু করেছেন গুরুজনদের আশীর্বাদ নিয়ে। শান্তিকুঠির সামনে হাজারও উৎসাহী সমর্থক, ভক্তদের সঙ্গে কুশল বিনিময়ের পর শুভেন্দু অধিকারী রওনা হয়েছেন কলকাতার উদ্দেশে,। পথে তাঁকে বারবার দাঁড়াতে হয়েছে দলের কর্মী নেতাদের শুভেচ্ছা গ্রহণ করতে। কলকাতায় এসেই প্রথমে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন সেক্টর ফাইভে বিজেপির রাজ্য দফতরে। সেখান থেকে গিয়েছেন দলের দীর্ঘদিনের রাজ্য দফতর ৬ নম্বর মুরলীধর সেন লেনের পার্টি অফিসে।
সেখান থেকে সোজা ভবানীপুর যেখানকার মানুষ সোমবারই তাঁকে জিতিয়ে দিয়েছেন ১১ হাজারেরও বেশি ভোটে। চক্রবেড়িয়ার পার্টি অফিস ঘুরে সোজা পৌঁছে গিয়েছেন জৈন মন্দিরে।








