
কখনও রাহুল গান্ধীর আপ্তসহায়ক কনিষ্ক সিং, তো কখনও দলের অতি প্রভাবশালী সদস্য,ভুয়ো পরিচয় দিয়ে তিন রাজ্যের রাজনীতিবিদদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
উত্তরাখণ্ডের দেরাদুন পুলিশের হাতে অবশেষে ধরা পড়েছে পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা গৌরব কুমার।পুলিশের দাবি, উত্তরাখণ্ড ছাড়াও রাজস্থান এবং বিহারের একাধিক নেতাকে নির্বাচনের টিকিট এবং দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে এই জালিয়াতি চালিয়েছে গৌরব। এর আগে, ৩ মে উত্তরাখণ্ডের কংগ্রেস নেত্রী ভাবনা পাণ্ডে রাজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, রাহুল গান্ধীর ছদ্মবেশী আপ্তসহায়ক সেজে গৌরব কুমার তাঁর কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগকারিণীকে প্রলোভন দেখানো হয়েছিল যে, তাঁকে দলে বড় কোনও দায়িত্ব দেওয়া হবে। ভাবনার বাড়ি থেকে টাকা সংগ্রহের পরেই ওই যুবকের ফোন সুইচড অফ হয়ে যায়। এর পরেই পুলিশ তদন্তে নামে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গৌরব অত্যন্ত চতুরতার সঙ্গে এই জালিয়াতি চালাত।
ট্রু-কলারে সে নিজের নাম , কনিষ্ক সিং হিসেবে সেভ করে রেখেছিল যাতে কেউ ফোন করলে রাহুল গান্ধীর সচিবের নামই ভেসে ওঠে। বিভিন্ন রাজনৈতিক ওয়েবসাইট থেকে নেতাদের তথ্য জোগাড় করে সে টার্গেট ঠিক করত। এর পর সরাসরি যোগাযোগ করে দিল্লি বা রাহুলের টিমের ইনসাইডার হিসেবে নিজেকে জাহির করত। রাজস্থানের জয়পুরের দুই রাজনীতিবিদের থেকে যথাক্রমে ১.৯ কোটি এবং ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা পুলিশের কাছে কবুল করেছে ধৃত গৌরব। এ ছাড়াও পাটনার এক নেতার থেকেও ৩ লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে অমৃতসরের বাসিন্দা গৌরব কুমার।








