
মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিন পর ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, জানিয়েছেন পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, এবারের মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৮৩ শতাংশ।
আর এই পাশের হারে প্রথম কালিম্পং। যা শতাংশের দিক থেকে ৯৫.০১% । আর মাধ্যমিকের ফল প্রকাশের পর জানা যায়, প্রথম দশে জায়গা পেয়েছে ১৩১ জন। এর মধ্যে প্রথম স্থানাধিকারী উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্রের প্রাপ্ত নম্বর ৬৯৮। অভিরূপ জানিয়েছেন, তিনি পরবর্তীকালে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চান। উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল প্রায় ৯ লক্ষ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্ষদ সভাপতি ফল ঘোষণার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
সকাল ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে।






