
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।শুক্রবার সেই জল্পনার সিলমোহর দিয়েছেন অমিত শাহ। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেছেন পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৮ টি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। যে কোনও রাজ্যে নির্বাচনের পর বিধানসভার পরিষদীয় দলনেতা বাছাইয়ের সময় কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সেই রাজ্যে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল অমিত শাহকে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেবেন শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
