
আমির খানের হঠাৎ কলকাতা সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। এমন এক সময় শহরে দেখা গিয়েছে বলিউডের সুপারস্টারকে, যখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে।
রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার আবহেই কলকাতা বিমানবন্দরে দেখা গিয়েছে আমির খানকে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা।অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেই কলকাতায় এসেছেন তিনি?রাজভবন থেকে ব্রিগেড—সর্বত্র যখন প্রস্তুতির ব্যস্ততা, তখন আমিরের এই সফর নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। তবে পরে জানা গিয়েছে, তাঁর এই সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। খবর, কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতেই এসেছিলেন আমির খান। সেই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন।ফলে রাজনৈতিক জল্পনার ইতি টানতে শুরু করেছেন অনেকে।এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ছেলে জুনাইদ খানের সিনেমার কাজের সূত্রে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন আমির। তখন তিনি গিয়েছিলেন অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে। সংগীত ও সিনেমা ঘিরে তাঁদের বন্ধুত্বের কথাও বহুবার আলোচনায় এসেছে।
তবে এবারের সফর একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানকেন্দ্রিক বলেই জানা গেছে। যদিও রাজনৈতিক আবহের মধ্যে তাঁর কলকাতা আগমন ঘিরে তৈরি হওয়া কৌতূহল এখনো কমেনি।








