
গুজরাটের গির সোমনাথ-র অমৃত মহোৎসব-এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের পুনর্গঠন ও ১৯৫১ সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ-এর হাত ধরে উদ্বোধনের স্মৃতিকে কেন্দ্র করেই উদযাপন। সোমবার সকালে সেখান থেকে সোমনাথে এসে প্রথমে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। রোড শোয়ে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। হেলিপ্যাড থেকে মন্দির সংলগ্ন বীর হামিরজি সার্কেল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। বিভিন্ন রাজ্য, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও আগত শিল্পীরা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন। পরে সোমনাথ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের ১১টি পবিত্র তীর্থস্থান থেকে আনা জল দিয়ে সম্পন্ন হয় কুম্ভাভিষেক অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক প্রার্থনার মধ্য দিয়ে ধ্বজারোহণ ও বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়। প্রধানমন্ত্রী মন্দিরে জল অভিষেক, ধ্বজাপূজা ও মহাপূজা-য় অংশ নেন। অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টার থেকে মন্দিরের উপর ফুলের পাপড়িও বর্ষণ করা হয়।








