
ইভিএম নিয়ে প্ররোচনামূলক মন্তব্য এবং গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায়কে।
ডিইও নর্থের অভিযোগের প্রেক্ষিতেই গর্গকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম টিম। তাঁর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গর্গকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন গর্গ। সোশ্যাল মিডিয়ায় ইভিএম বিকল কেন হচ্ছে তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছিলেন। পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন রাতে দেখেশুনে সিল করে রাখার পরও ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন। তাঁর আরও অভিযোগ ছিল বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে। ভিভিপ্যাট ভালো করে যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। নির্বাচন চলাকালীন এই ধরণের মন্তব্য সরাসরি আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ নির্বাচন কমিশনের।
সেই অভিযোগের প্রেক্ষিতে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। ২ বার নোটিস দিয়ে না আসায় গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিপি অজয় নন্দা।





