
আন্তঃরাজ্য সীমানায় আলু চাষিদের উপর অত্যাচার, হয়রানি আর বরদাস্ত করা হবে না। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনই সাফ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, ফলমূল, সবজি ও শস্য চাষিদেরও কোনও হয়রানি করা যাবে না। একটি নোটিফিকেশন জারি করে এবিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে উৎপাদিত আলু, ফলমূল, সবজি ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে এতদিন সমস্যায় পড়তে হত ক্ষুদ্র ব্য়বসায়ী ও চাষিদের। বিশেষ করে আলু চাষিরা তৃণমূল সরকারের আমলে রীতিমতো হয়রানির শিকার হতেন। কিন্তু আজ থেকে তা বন্ধ হল।এদিকে, রেশন দোকান থেকে আর মিলবে না খোলা আটা। এমনই স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, আটায় ভেজালের মাত্রা কমাতে এবং সিন্ডিকেটের দুর্নীতি বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে রেশন কার্ডের মাধ্যমে বর্তমানে মাথাপিছু বা কার্ড প্রতি ২.৮৫ কেজি থেকে ৩ কেজি আটা বা গম বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়।
তবে, রেশনে আটার গুণমান ও প্যাকেজিং নিয়ে গ্রাহকরা বহু অভিযোগ করত। তবে জানা যাচ্ছে আটা দেওয়াই বন্ধ রাখা হবে, গম মিলবে।






