
টানা ২৪ ঘণ্টা জেরার পর গ্রেফতার পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া। তমলক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা, নকল নথি তৈরি, প্রতারণা সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়াকে আটক করে তমলুক থানার পুলিশ। তারপর টানা জেরা চলছিল। এরপরেই শুক্রবার চঞ্চলকে গ্রেফতার করে পুলিশ। যদিও চঞ্চল খাঁড়ার দাবি পালাবদলের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বাগুইআটির তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তোলবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে।
বছর খানেক আগে প্রোমোটার কিশোর হালদারের থেকে তোলাবাজির টাকা চেয়ে না পেয়ে পিস্তলের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সমরেশ চক্রবর্তী ও তাঁর দলবলের বিরুদ্ধে। তারপর থেকে এলাকা ছাড়া ছিলেন সমরেশ।
