
সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত, জ্বালানি ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আবু ধাবিতে আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহান-এর সঙ্গে বৈঠকে ভারত ও ইউএই প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, পরিকাঠামো এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক সমঝোতায় সই করেছে।
পশ্চিম এশিয়ায় বর্তমান অস্থিরতার আবহে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। দু’ দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামো সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে ঐকমত্য হয়েছে। প্রতিরক্ষা শিল্প, সাইবার নিরাপত্তা, সন্ত্রাসদমন, উদ্ভাবন এবং সামরিক সমন্বয়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশ।
দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এদিকে, বর্তমানে ইউএই ভারতের অন্যতম প্রধান অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহকারী দেশ। জ্বালানি, সন্ত্রাসদমন বিষয় ছাড়াও সমুদ্র বাণিজ্য ক্ষেত্রে বড় পদক্ষেপ করা হয়েছে। গুজরাতের ভাদিনারে তৈরি হবে একটি শিপ রিপেয়ার ক্লাস্টার, সে চুক্তিও হয়েছে ভালভাবেই। এছাড়াও ভারতের পরিকাঠামো ক্ষেত্র, আরবিএল ব্যাঙ্ক এবং সম্মান ক্যাপিটালে মোট ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে ইউএই।






