বায়ার্নেই থাকছেন ম্যানুয়েল নয়্যার

0
38
ছবি সৌজন্যে : এক্স

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে আরও এক সিজন থাকছেন কিংবদন্তী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার। 

উল্লেখ্য ২০১১ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম নির্ভরতার নাম হয়ে উঠেছেন নয়্যার। বায়ার্নের জার্সিতে এখন পর্যন্ত দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৩টি ট্রফি জিতেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে বাভারিয়ানদের হয়ে ৫৯৭ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। যার মধ্যে ২৬৯ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। চলতি সিজনে ইউরোপ সেরার মঞ্চে ফাইনালের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে নয়ার ও বায়ার্নের। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তবে সিজন শেষ হওয়ার আগেই ঘরোয়া ডাবল জয়ের সুযোগ এখনও হাতছানি দিচ্ছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সামনে। আগামী ২৩ মে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন। একই সঙ্গে অভিজ্ঞ রিজার্ভ গোলরক্ষক সভেন উলরিখের সঙ্গেও আরও এক বছরের জন্য চুক্তি রিনিউ-র ঘোষণা দিয়েছে বায়ার্ন মিউনিখ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। এদিকে দীর্ঘ সময় ধরে জার্মান ফুটবলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ম্যানুয়েল নয়্যার। দেশের এক নম্বর গোলরক্ষক হিসেবে বহু বছর দায়িত্ব সামলানো ম্যানুয়েল নয়্যার ২০১৪ বিশ্বকাপ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ অধ্যায়ের ইতি টানেন তিনি। তবে সম্ভাব্য আন্তর্জাতিক প্রত্যাবর্তন নিয়ে নয়্যারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে জার্মানি দলে অভিজ্ঞ গোলরক্ষকের, ম্যানুয়েল নয়্যার-র ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে।