
উত্তর কাশ্মীরের বান্দিপোরার আরাগাম এলাকায় জঙ্গিদের একটি গোপন ঘাঁটিতে বড়সড় অভিযান চালাল সেনা। সূত্রে জানা গেছে, ওই পাহাড়ি অঞ্চলের একাধিক গুহায় এই ঘাঁটি তৈরি করা হয়েছিল।
সেখানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।শুধু অস্ত্র নয়, দীর্ঘ সময় ধরে লুকিয়ে থেকে হামলার প্রস্তুতিও চলছিল বলে আশঙ্কা করা হচ্ছে। গুহাগুলির ভেতর থেকে প্রচুর খাদ্যসামগ্রী, বাসনপত্র, পোশাক, এমনকি বৈদ্যুতিক সরঞ্জামও উদ্ধার হয়েছে। সেনার অনুমান, জঙ্গিরা একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র বাস্তবায়িত করতেই এই ঘাঁটি তৈরি করেছিল।গোপন সূত্রে খবর পাওয়ার পর গত বৃহস্পতিবার ও শুক্রবার ওই এলাকায় যৌথ অভিযান চালায় সেনা, বান্দিপোরা পুলিশ এবং সিআরপিএফ।
পুরো এলাকা ঘিরে রেখে শুরু হয় তল্লাশি অভিযান। ধাপে ধাপে পাহাড়ি গুহাগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল সামগ্রী।সেনা সূত্রে আরও জানা গেছে, এই ধরনের মজুত থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে জঙ্গিরা ওই এলাকায় দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পরিকল্পনা করছিল। তবে অভিযান চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর। বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আরও কোনও গোপন ঘাঁটি আছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চলছে।








