
চীনের রাজধানী বেজিং সফরের শেষ দিনে আমেরিকা–চীন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনা থামাতে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, শি জিনপিং আমেরিকাকে পতনশীল দেশ বললেও তা তাকে উদ্দেশ করে বলেননি।
বরং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার পরিস্থিতির কথাই উল্লেখ করেছেন চীনের নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গত দু’ বছর আগে আমেরিকা সত্যিই দুর্বল অবস্থায় ছিল। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, বর্তমানে আমেরিকাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আলোচিত দেশগুলোর একটি। এর আগে সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, দিনভর দু’ দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। সেই অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসাও করেছেন তিনি। প্রায় ৯ বছরের মধ্যে প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান প্রেসিডেন্ট ট্রাম্প। সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তিও ছিলেন।








