
ঘোষণা আগেই করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে নবান্ন থেকে।
বৃদ্ধি করা হয়েছে সরকারি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি— প্রতিটি ক্ষেত্রেই চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে। গ্রুপ বি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে হচ্ছে ৪৫ বছর। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
রাজ্যে বিজেপির সরকার গঠনের পর ওই দিনেই বসেছিল নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। মুখ্যমন্ত্রী শুভেন্দুর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।






