
বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে খুঁজছে পুলিশ। এ বার তাঁর পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছেস অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে। রবিবার রাতে বিধায়ক-পুত্রের সন্ধানে যৌথ অভিযানে নেমেছিলেন রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকেরা। অর্ঘ্য-সহ পাঁচ জনকে বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে।
তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল-দোলনা। বিভিন্ন ধরনের শৌখিন মূর্তিতে সাজানো রয়েছে বাগান।








