
বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার বুলডোজার নেমেছে হাওড়াতেও। হাওড়ার চ্যাটার্জি হাটের শরৎ চ্যাটার্জি রোডে সোমবার দুপুরে একটি নির্মিয়মাণ বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছে হাওড়া পুরসভা।
জানা গিয়েছে, তিন তলা বিল্ডিং নির্মাণের অনুমতি নিয়ে সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল। সেই কারণেই এই বিল্ডিং ভাঙার উদ্যোগ নেয় পুরসভা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও একটি বুলডোজার নিয়ে শরৎ চ্যাটার্জি রোডে আসেন পুরসভার আধিকারিকরা। এরপর ২৭ নম্বর শরৎ চ্যাটার্জি রোডে একটি নির্মিয়মাণ বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়। বিল্ডিংয়ের ভিতরে ঢুকে ভাঙার কাজ করেছেন শ্রমিকরা। জানা গিয়েছে, জমির মালিকের নাম বিষ্ণুপদ দত্ত। তাঁর বাড়ি ভেঙেই সেখানে ফ্ল্যাট নির্মাণের কাজ করছিলেন প্রোমোটার পঙ্কজ দত্ত।
৯ মাস আগে এই ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। বিষ্ণুপদ দত্তের সেই জমিতে তিন তলা বিল্ডিং নির্মাণের অনুমতি ছিল। কিন্তু সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।








